
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জন, বিভিন্ন অপরাধে তিনজন, পরোয়ানাভুক্ত একজন এবং আগের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১০ জন হলেন—কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার মো. রফিক (২৩), এসএম পাড়া এলাকার নুরুল আমিন (২৮) ও রহিম উল্লাহ (২০), পিএমখালীর মহসিনিয়াপাড়ার আনোয়ার হোসেন (২০), মো. আইয়ুব (২২), জসিম উদ্দিন (২৪) ও রিয়াজ উদ্দিন (১৯), ছনখোলার ছৈয়দুর রহমান (৪০), মধ্যম ধাউনখালীর মো. আনিছুর রহমান এবং ঈদগাঁওর ইসলামাবাদ এলাকার তন্ময় কান্তি দাশ (১১)।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন—কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লীর শফি আলম (২৮), দক্ষিণ পাহাড়তলী এলাকার মো. আরমান (৩০) এবং মোহাজেরপাড়ার মো. শরীফ (২৫)। পুলিশ জানিয়েছে, শফি আলমের বিরুদ্ধে ২০২৩ সালের একটি হত্যা-ডাকাতি-সংক্রান্ত মামলা রয়েছে। আর শরীফের বিরুদ্ধে ২০১৮ সালে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা রয়েছে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া এলাকার মামুনর রশিদকে কক্সবাজার শহরের এন্ডারসন রোডের গোলজার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়ার হাসানুল ইসলাম মুরাদকে (৩৫)।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।